মুসাব আবু ত্বহা
এক.
যখন তুমি আমার কান খুলে নেবে, তখন আলতো করে স্পর্শ ক'রো;
কেননা, আমার মায়ের কণ্ঠস্বরের স্পন্দন এর ভেতরে লুকিয়ে আছে।
যখন আমি আত্মভোলা থাকি, তার কণ্ঠস্বরেই আমি সম্বিত ফিরে পাই।
তুমি হয়তো অপ্রত্যাশিতভাবে আরবি ভাষায় গান, ইংরেজি কবিতা;
যা আমি নিজে আবৃত্তি করি, অথবা আমাদের উঠোনে পাখিদের
কিচিরমিচির করে গাওয়া গানের সম্মুখীন হতে পারো।
যখন তুমি কাটা কান সেলাই করবে, তখন এগুলো আবার
যথাস্থানে তুলে রাখতে ভুলো না, সেগুলো আবার সাজিয়ে রেখো,
যেমন তুমি সাজিয়ে রাখো তোমার শেলফের বইগুলো।
দুই.
ড্রোনের গুঞ্জনধ্বনি, এফ-ষোলোর গর্জন,
ঘর, মাঠ এবং মৃতদেহগুলোর উপর ফেলা বোমা
ও উড়ে যাওয়া রকেটের বিকট শব্দ;
আমার ছোট্ট কানের খোল থেকে সবকিছু মুছে ফেলো,
তোমার হাসির সুগন্ধি ছিটিয়ে দাও ছেদস্থলে।
আমার শিরায় জীবনের গান প্রবেশ করাও
জাগিয়ে তোলার জন্য
মৃদু স্বরে ড্রাম বাজাও যাতে আমার মন
তোমার সাথে নেচে ওঠে হে আমার ডাক্তার,
হে আমার দিন এবং রাত।
সূত্র: Things You May Find Hidden in My Ear Mosab Abu Toha

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন